Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাঠের বাইরে ২ কি.মি লাইন, কোহলিকে দেখতে রঞ্জির ম্যাচে পাগলামি

স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫ ১৫:০৭ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ১০:০৪

১৩ বছর পর রঞ্জি ট্রফিতে খেলছেন কোহলি

এক যুগ পর ঘরের ছেলে ফিরছে রঞ্জি ট্রফির ম্যাচে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকের সমাগম হবে, এটা অনুমেয়ই ছিল। কিন্তু দিল্লি-রেলওয়ে ম্যাচের প্রথম দিনের সকালে এমন কিছু হবে, সেটা হয়তো খোদ আয়োজকরাও ভাবেননি। বিরাট কোহলির খেলা দেখতে রীতিমত পাগলামি করেছেন দিল্লির সমর্থকরা। আর এতেই আজ দিল্লির স্টেডিয়ামে দেখা গিয়েছে অভূতপূর্ব এক দৃশ্যের।

রাত ৩ টা থেকে স্টেডিয়ামের বাইরে সমর্থকদের ভিড়, মাঠের বাইরে টিকিটের জন্য ২ কিলোমিটারের দীর্ঘ লাইন, কোহলির পা ছুঁতে নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে পড়া; অরুণ জেটলি স্টেডিয়ামে হয়েছে সবকিছুই। ২০১২ সালের পর এই প্রথমবার দিল্লির হয়ে রঞ্জির ম্যাচে মাঠে নেমেছেন কোহলি। শহরে তাই গত কয়েকদিন ধরেই ছিল বাড়তি উন্মাদনা। সব নিয়ম ভেঙে এই ম্যাচ সরাসরি প্রচারের সিদ্ধান্তও নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

বিজ্ঞাপন

যে রঞ্জির ম্যাচে মাঠ খাঁখাঁ করে, সেই রঞ্জির ম্যাচের টিকিট পেতে মধ্যরাত থেকে স্টেডিয়ামের বাইরে অপেক্ষা করেছেন দিল্লির দর্শক। টিকিটের জন্য এই লাইন ছাড়িয়েছে কয়েক কিলোমিটার। দিনের আলো ফোটার পর টিকিট পেয়েও ভোগান্তির শেষ হয়নি অনেকের, মাঠে প্রবেশ করতে রীতিমত যুদ্ধ করতে হয়েছে তাদের। আর দর্শকের এই তাড়াহুড়োতে মাঠের বাইরেই আহত হয়েছে অনেক দর্শক ও নিরাপত্তাকর্মী।

কোহলি মাঠে নামার আগেই স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। কোহলি মাঠে নামলেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। কোহলিও তাদের দিকে হাত নাড়িয়ে জবাব দিয়েছেন। ম্যাচের ১২তম ওভারে নিরাপত্তাবেষ্টনী ভেঙে কোহলির কাছে চলে যান এক সমর্থক। সেখানে কোহলির পা ছুঁয়ে প্রণাম করতে না করতেই নিরাপত্তাকর্মীরা ধরে ফেলে সেই সমর্থককে। কোহলি অবশ্য ওই সমর্থককে কিছু না করার অনুরোধ জানান পুলিশের প্রতি।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগেই অলআউট হয়েছে রেলওয়ে। ব্যাটিংয়ে নেমে দিনের খেলা শেষ হওয়ার আগে এক উইকেট হারিয়েছে দিল্লিও। আরেকটি উইকেট পড়লেই ক্রিজে নামবেন কোহলি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো