Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাসপোর্ট ইস্যু ও নবায়নে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

স্পেশাল করেসপডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০০ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৯

পাসপোর্ট। ছবি: সংগৃহীত

ঢাকা: পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে থাকছে না পুলিশ ভেরিফিকেশন। তবে সেক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন পাসপোর্টের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পাসপোর্টের জটিলতা নিরসনের লক্ষ্যে সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. নাসিমুল গণির সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

পাসপোর্টের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয়। এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়— উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসার পরই এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।

বিজ্ঞাপন

এ বিষয়ে সভায় অনেকটা এগিয়ে গেছে। পরবর্তীতে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় বেশিরভাগ প্রতিনিধি পাসপোর্টে ভেরিফিকেশন উঠানোর বিষয়ে মত দিয়েছেন।

জানা গেছে, সভায় পাসপোর্ট জটিলতা নিরসনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা হয়। উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে এ-সংক্রান্ত আদেশ জারি করা হবে।

সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পুলিশের বিশেষ শাখাসহ অন্যান্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ছিলেন— প্রধান উপদেষ্টার কার্যালয় সচিব সাইফুল্লাহ পান্না, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সচিব শেখ আবু তাহের, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব মো. রুহুল আমিন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার প্রমুখ।

সারাবাংলা/ইউজে/এইচআই