Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আওয়ামী দুঃশাসনে যারা যুক্ত ছিল তাদের দলে আনবেন না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০২

বিএনপির সমাবেশে বক্তব্য দেন আরিফুল হক চৌধূরী। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘দেশে এখনও ষড়যন্ত্র চলছে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। কোন ধরনের দুষ্কৃতিকারী যেন দলে ঢুকতে না পারে। এমন কোনো কাজ করবেন না যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। আওয়ামী দুঃশাসনে যারা যুক্ত ছিল তাদের কোনভাবেই দলে আনবেন না।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরাতন বাসস্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

আরিফুল হক চৌধুরী বলেন, ‘নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই দ্রুত নির্বাচন দেওয়া হোক। জনগণের ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তাড়াতাড়ি নির্বাচন দিলেই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।’

সুনামগঞ্জ বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় আসলে সুনামগঞ্জের সকল সেক্টরে উন্নয়ন হবে। কারণ ফ্যাসিস্ট হটাতে সুনামগঞ্জবাসীর আন্দোলনে আমরা মুগ্ধ।’

প্রধান বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। এছাড়া সমাবেশে বিএনপির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এমপি