Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৫ ২২:৪৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৪:৪৫

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সর্বপ্রথম সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণাকারী হোটেলকে পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দিবে সরকার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কক্সবাজারের সব হোটেল মালিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সন্তানদের নির্মল বাতাসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘পলিথিন সস্তা না, এর বিনিময়ে আমাদের কঠিন মূল্য পরিশোধ করতে হচ্ছে। ক্যানসারের মতো রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।’ তিনি এ সময় পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে পাটের বা চটের ব্যাগ ব্যবহারের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আদালত উপকূলীয় জেলাগুলোতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষেধাজ্ঞা দিয়েছেন। তিনি নিষিদ্ধ পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকে নিষেধাজ্ঞা বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং করার জন্য নিয়মিত হোটেলে লোক পাঠানোর ডিসিকে নির্দেশনা দেন। এছাড়া, সংশ্লিষ্ট সবার সঙ্গে মিলে ওয়ার্কপ্ল্যান প্রস্তুত করার নির্দেশ দেন।

সৈয়দা রিজওয়ানা বলেন, ‘পর্যটন আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হলেও পরিবেশ সুরক্ষার বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। প্লাস্টিক দূষণ শুধু প্রকৃতিকে নয়, পর্যটনকেও হুমকির মুখে ফেলছে।’ তিনি সংশ্লিষ্ট সবপক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে কক্সবাজার একটি পরিবেশবান্ধব ও টেকসই পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতে পারে।

সভায় সমুদ্রতট ও আশপাশের এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহারের বিরূপ প্রভাব তুলে ধরেন এবং তা বন্ধে হোটেল মালিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন পরিবেশ উপদেষ্টা ।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ-সহ সরকারের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও, হোটেল মালিকদের প্রতিনিধি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো