ঢাকা: বর্তমান বাস্তবতায় দেশের স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া বিএনপির অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় রিজভী বললেন, বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকেছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।
অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপি অনুষ্ঠিত এ কর্মসূচিতে দুস্থ-সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।