ফের ইসরায়েলে মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং জর্ডান উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে ওঠে।
মঙ্গলবার (২৭ মে) সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।
এক্সের এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা সফলভাবে মিসাইলটি ভূপাতিত করেছে। ইসরায়েলিদের ‘হোম ফ্রন্ট কমান্ডের’ নির্দেশাবলি অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন আপডেট জানতে জরুরি সেবা নম্বরে কল করেন। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী তৎপর। এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, চলতি সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার মিসাইল হামলার চেষ্টা করা হয়। তবে ইসরায়েলি বাহিনী সেসব প্রতিহত করে।
প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যা যুদ্ধের’ প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা শুরু করে। লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজে হামলার পাশাপাশি গোষ্ঠীটি মূল ভূখণ্ডে মিসাইল ছুড়ছে। কিন্তু শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যার বেশিরভাগ ভূপাতিত করে ইসরায়েলি বাহিনী।