Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিসিবির নতুন টুর্নামেন্ট, আবারও সরব হচ্ছে খুলনা-বরিশালের মাঠ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:২৭

দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ের ক্রিকেট থেকে অনেকটাই দূরে থাকা খুলনা ও বরিশালের দুই স্টেডিয়ামে ফের বড় পরিসরে ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন একটি ঘরোয়া টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের পরিকল্পনায় রাখা হয়েছে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামকে।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ‘বাংলাদেশ ফার্স্ট’ নামে প্রস্তাবিত নতুন এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচ হতে পারে খুলনা ও বরিশালে। আর প্রতিযোগিতার শেষ ধাপের ম্যাচ—সেমিফাইনাল ও ফাইনাল—সিলেটে আয়োজনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন আলমগীর জানিয়েছেন, আপাতত গ্রুপ পর্বের ম্যাচ দুটি অঞ্চলে আয়োজনের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। নতুন এই প্রতিযোগিতা ডিসেম্বরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে মাঠে গড়াতে পারে। যদিও সূচি এখনো চূড়ান্ত হয়নি।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম। ২০১৬ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচই ছিল এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক আয়োজন।

এরপর খুলনায় জাতীয় ক্রিকেট লিগের চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হলেও নিয়মিতভাবে বড় কোনো জাতীয় পর্যায়ের সীমিত ওভারের টুর্নামেন্টের ম্যাচ দেখা যায়নি। সর্বশেষ ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে।

তবে এবার নতুন করে মাঠটির অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে বিসিবি। খুলনার দায়িত্বশীল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মাঠ সংস্কারের প্রকল্প অনুমোদিত হয়েছে। বিসিবির প্রকৌশলী ও পরামর্শক দল ইতোমধ্যে ভেন্যু পরিদর্শনও করেছে। এখন মাঠের কাজ দ্রুত শুরু করার প্রস্তুতি চলছে। দর্শকদের জন্য আধুনিক স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামের অবস্থাও ছিল দীর্ঘদিন একই রকম। ১৯৬০ সালে নির্মিত এই মাঠ কখনো আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতি পায়নি। একসময় এখানে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচও বন্ধ হয়ে যায়।

তবে সাম্প্রতিক সংস্কারের ফলে আবারও ক্রিকেট আয়োজনের উপযোগী হয়ে উঠছে বরিশালের এই স্টেডিয়াম। ২০২২ সালে জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে মাঠটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য একটি প্রকল্প নেওয়া হয়েছিল। বর্তমানে সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে।

এ কারণে বিসিবির নতুন টুর্নামেন্ট দিয়েই কীর্তনখোলা নদীর তীরের এই মাঠে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট ফেরার আশা করছেন সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর