Tuesday 08 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীন-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ মে ২০২৫ ১৬:৪০ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:৪৭

ঢাকা: সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে রোববার (১ জুন) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং চীন সরকারের পক্ষে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ও চীনা দূতাবাস যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। রাজধানীর আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনে অনুষ্ঠেয় এ সম্মেলনে চীনের ১০০ প্রতিষ্ঠানের ২৫০ বিনিয়োগকারী অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানান।

বিডা সূত্রে জানা যায়, সম্মেলনে অংশ নিতে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতা ঢাকায় আসছেন। সম্মেলনে যোগ দিতে ‘ফরচুন ৫০০’-এর অন্তর্ভুক্ত ছয় থেকে সাতটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন। এ ছাড়া চীনের চারটি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরাও এতে অংশ নেবেন। ঢাকা সফরকালে চীনের বাণিজ্য মন্ত্রী ও বিনিয়োগকারীরা গাজীপুরের কালিয়াকৈরে এলডিসি গ্রুপ পরিদর্শন করবেন।

বিজ্ঞাপন

অন্যান্যের মধ্যে সম্মেলনে চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারিজ অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই), চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব ফুডস্টাফস, নেটিভ প্রোডাক্টস অ্যান্ড অ্যানিমাল বাই প্রোডাক্টস(সিসিসিএফএন), চায়না চেম্বার অব কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব টেক্সাটাইলস (সিসিসিটি), চায়না চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স ফর দ্য প্রাইভেট সেক্টরসহ (সিআইসিসিপিএস), জ্বালানি, যন্ত্রপাতি উৎপাদন, পরিবহন, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, খাদ্য, কৃষিপ্রযুক্তি, বস্ত্র, গৃহসজ্জা ও ভোগ্যপণ্য ইত্যাদি খাতের বিনিয়োগকারীরা অংশগ্রহণ করবেন।

বিডা জানায়, সম্মেলনে দু’দেশের বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগ এবং বাংলাদেশে খাতভিত্তিক বিনিয়োগ সুবিধার বিষয়ে আলোচনার ব্যবস্থা থাকবে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ ও বিনিয়োগকারীদের কাছে দেশের বিনিয়োগ সুবিধা উপস্থাপন এ সম্মেলনের লক্ষ্য। সম্মেলনে চীন ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে পাঁচটি পৃথক ‘ম্যাচ-মেকিং’ সেশন অনুষ্ঠিত হবে। এসব সেশনের লক্ষ্য থাকবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। এসব সেশনে তৈরি পোশাক ও টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাতের বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

বিডা জানায়, চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে দু’দেশের বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি পেয়েছে। গত ১৫ বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রস্থল।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো