Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাশ নিয়ে সংবাদ সম্মেলন / মিথ্যা মামলায় দিয়ে মানসিক চাপে মেরে ফেলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৫ ২৩:৩৬ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১২:০৫

মিথ্যা মামলায় দিয়ে মানসিক চাপে মেরে ফেলার অভিযোগে লাশ সামনে রেখে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

নীলফামারী: জেলার সৈয়দপুরে মিথ্যা মামলায় আসামি করে মানসিক চাপে মৃত্যুর অভিযোগ তুলে লাশ সামনে রেখে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টায় বাঙালীপুর ইউনিয়নের আমজাদের মোড়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নিহত মোসলেম সরদার (৬০) সৈয়দপুর উপজেলার লক্ষণপুর জোতদারপাড়া এলাকার বাসিন্দা। তার পরিবারের দাবি, জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ নিজেরাই আগুন লাগিয়ে মোসলেমসহ ২০ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। এতে মানসিক চাপে ভেঙে পড়ে তিনদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সৈয়দপুর জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাহিদুল হক বাবলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, নিহতের ছোট ভাই তসলিম সরদার, ভাতিজা বাবলু সরদার, পৌত্র মেহেদী হাসান জীবন ও স্থানীয়রা।

বিজ্ঞাপন

বক্তারা জানান, মোসলেম সরদার ও বাছান জোতদার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ ও ১৫ মে উভয়পক্ষের কাগজপত্র যাচাই করে মীমাংসার উদ্দেশ্যে আপসনামা করা হয়, যাতে বাছান জোতদারের পরিবার ২০ শতক জমি ফিরিয়ে দিতে সম্মত হয়। তবে এর আগেই ১৮ মে প্রতিপক্ষ আব্দুল আজিজের বসতবাড়িতে আগুন লাগে এবং তিনি মোসলেমসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরিবারটির দাবি, পুলিশ একতরফা তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জমি ফেরত পেতে যাওয়া মোসলেম সরদার কেন আগুন দেবেন? এটি সম্পূর্ণ সাজানো ঘটনা। প্রতিপক্ষ নিজেরাই আগুন লাগিয়ে দায় চাপিয়েছে যাতে জমি না দিতে হয় এবং মামলা দিয়ে হয়রানি করা যায়।’

তসলিম সরদার অভিযোগ করেন, মিথ্যা মামলায় আসামি হওয়ার পর থেকে তার ভাই চরম দুশ্চিন্তায় ছিলেন। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিক চাপে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এমনকি প্রতিপক্ষের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে, ‘একজনকে খেয়েছি, বাকিদেরও খাব।’

সংবাদ সম্মেলনে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। এ সময় শতাধিক এলাকাবাসী বিচারের দাবিতে স্লোগান দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল আজিজ জোতদার বলেন, ‘মামলা মিথ্যা না সত্য, তা তদন্তেই প্রমাণিত হবে। আর কারও স্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড বলা অনৈতিক। আমাদের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। আমরা সর্বস্ব হারিয়েছি, ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দীন বলেন, ‘ঘর পুড়ে যাওয়ার পর ভুক্তভোগীরা থানায় এসে মামলা করেন। মামলাটি এখনো তদন্তাধীন।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো