Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাজারীবাগে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ০২:১০ | আপডেট: ১৫ জুন ২০২৫ ১২:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় পারিবারিক কলহের জেরে বাবার ধারালো অস্ত্রের আঘাতে ছেলে রাহাবুল ইসলাম রাসেল (১৬) নিহত হয়েছে। সে হোটেলে কাজ করত।

শনিবার (১৪ জুন) রাত পৌনে ১১টার দিকে ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেলের মামা হুমায়ুন কবির জানান, তাদের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। বর্তমানে ঝাউচর আমলা টাওয়ার রোডের একটি বাড়ির নিচতলার ভাড়া থাকেন। রাত ১১টার দিকে রাসেলের বাবা জুয়েল রানা নিজে তাদের ফোন দিয়ে জানায়, সে তার নিজ ছেলে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তার অবস্থা ভালো না, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় রাসেলকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

হুমায়ুন কবির আরও জানান, তিন ভাইয়ের মধ্যে রাসেল ছিল মেঝো। তার বড় ভাই পশু চিকিৎসক এবং ছোট ভাই মাদারাসায় পড়াশুনা করে। তারা দু’জন গ্রামের বাড়িতে থাকে। রাসেল আর তার বাবা জুয়েল ঝাউচারের ওই বাসার নিচ তলায় ভাড়া থাকেন। আর রাসেলের মা শাহনাজ বেগম জর্ডান প্রবাসী। হাজারীবাগ বাজারে একটি হোটেলের কারিগর রাসেল। আর তার বাবা জুয়েল রায়েরবাজার এলাকায় একটি হোটেলে কাজ করেন।

রাসেলের মামা জানান, সম্প্রতি রাসেলকেও দেশের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন তার মা। তবে ছেলের বদলে জুয়েল রানা নিজেই প্রবাসে যেতে চাচ্ছিল। তাকে নেওয়ার ব্যবস্থা না করলে সে পরিবারে অশান্তি করবে এবং অন্য একটি বিয়ে করে চলে যাবে বলে প্রায়ই হুমকি দিত। এ নিয়ে পারিবারিক কলহ চলছিল বেশ কিছুদিন ধরে। এর জের ধরেই জুয়েল তার ছেলেকে কুপিয়ে মেরে ফেলেছে বলে ধারণা পরিবারের।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তারা আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

সারাবাংলা /এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো