Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে খেলাপি ঋণ ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ২৩:৩৬

প্রতীকী ছবি

ঢাকা: দেশে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ বেড়ে হয়েছে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ। দীর্ঘদিন ধরে লুকানো খেলাপি ঋণের আসল চিত্র সামনে আসায় এর পরিমাণ বেড়েছে বলে জানা গেছে। অথচ তিন মাস আগে গত ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকায়। যা ছিল মোট ঋণের ২০ দশমিক ২০ শতাংশ। সর্বশেষ তিন মাসে ( ডিসেম্বর-২৪ থেকে মার্চ-২৫) দেশে খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা। রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন এ চিত্র উঠে এসেছে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘খেলাপি ঋণের কোনো তথ্য আমরা লুকিয়ে রাখব না। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এগুলো আদায়ে জোর দেওয়া হবে।’ নতুন করে বিতরণ করা ঋণ যেন খেলাপি না হয় সেজন্য বিভিন্ন আইনি কঠোরতা আনার কথাও বলেন তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি গ্রুপ ঋণের নামে বিপুল অর্থ বের করে নিয়েছে, যাদের বেশিরভাগই এখন পলাতক। আবার কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে আছেন। গত ৫ আগস্টের আগে ঋণ পরিশোধ না করেও বিভিন্ন উপায়ে নিয়মিত দেখানোর সুযোগ ছিল। তবে শেখ হাসিনার সরকারের পতনের পর এখন সেই সুযোগ বন্ধ হওয়ায় এখন তারা খেলাপি। এরই মধ্যে এস আলম, বেক্সিমকোসহ শীর্ষ ঋণগ্রহীতাদের অনেকেই খেলাপিতে পরিণত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত মার্চ পর্যন্ত বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে যা ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। এর পর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে। অর্থনীতিবিদরা অনেক দিন ধরেই অভিযোগ করছেন, তৎকালীন সরকারের ছত্রচ্ছায়ায় ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুটপাট হয়েছে, যার বড় একটা অংশই বিদেশে পাচার হয়েছে।

সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো