Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারী সরকারি কলেজ: জমি হস্তান্তরের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৬ জুন ২০২৫ ২৩:০৯ | আপডেট: ১৬ জুন ২০২৫ ২৩:১১

অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

নীলফামারী: নীলফামারী সরকারি কলেজের জমি শিক্ষা প্রকৌশল অধিদফতরের কাছে হস্তান্তরের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৬ জুন) দুপুরে কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। পরে অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে জানানো হয়, কলেজের ৩৩ শতাংশ জমি রয়েছে, যেখানে ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু ওই জমি শিক্ষা প্রকৌশল অধিদফতরের ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে জানান, দাবি উপেক্ষা করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বিক্ষোভে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ওয়ারিয়র্স অব জুলাই-এর সদস্যসচিব মোস্তফা মুহাম্মদ শ্রেষ্ঠ, ছাত্রদলের কলেজ শাখার সদস্যসচিব পায়েলুজ্জামান রক্সি, ইসলামী ছাত্রশিবির সভাপতি হাসান আলী, ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ সৈকত ও রাইসুল ইসলাম রানা।

ছাত্রদল নেতা পায়েলুজ্জামান রক্সি বলেন, ‘জমি হস্তান্তর হলে ছাত্রাবাসসহ ভবিষ্যতে অবকাঠামোগত সংকটে পড়বে কলেজ। ক্ষতিগ্রস্ত হবেন শিক্ষার্থীরা।’

শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, ‘আমরা নিজস্ব ভবনের পরিকল্পনায় কলেজের জমি প্রাথমিকভাবে বিবেচনায় রেখেছি। মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবেন।’

কলেজ অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘জমির অপ্রতুলতা রয়েছে। কলেজ পরিষদের পক্ষ থেকে ভবন না করার অনুরোধ জেলা প্রশাসক ও শিক্ষা প্রকৌশল অধিদফতরকে জানানো হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো