Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আমি ভুলত্রুটির ঊর্ধ্বে নই, কিন্তু কোনো অপরাধ করিনি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৭:২৮ | আপডেট: ১৭ জুন ২০২৫ ১৯:৩৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রচারণাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, আমি ভুলত্রুটির ঊর্ধ্বে নই। কিন্তু কোনো অপরাধ করিনি। এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না। কোনো মানুষই করেন না।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ৩টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডিতে ‘আমাকে যারা খেয়াল করেন, আমার ওপর ভরসা করেন, প্রত্যাশা রাখেন’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

তুষার অভিযোগ করেন, ‘দলের একজন নারী সহকর্মীকে ঘিরে যে অপমানজনক প্রচারণা চালানো হচ্ছে, তার সঙ্গে নিজের ছবি যুক্ত করে কুৎসিত ভাষায় মন্তব্য করা হচ্ছে ও ভিডিও বানানো হচ্ছে। এই রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ দয়া করে বন্ধ করুন।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘আমার দলের নারী নেত্রীরা অতীতেও এমন হ্যারাজমেন্টের শিকার হয়েছেন। এবার তাদের সঙ্গে আমাকে জড়িয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা সম্ভ্রান্ত ও সম্মানিত নারী। তাদের ব্যক্তিজীবন আছে, দয়া করে তা বিষিয়ে তুলবেন না।’

সারোয়ার তুষার দাবি করেন, তার ব্যক্তিগত কথোপকথনের কিছু অংশ কাটছাঁট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ‘তিন মাস আগের একটি কথোপকথন প্রাসঙ্গিকতা ছাড়াই প্রকাশ করে আমাকে অপমান করার চেষ্টা করা হয়েছে’- বলেন তিনি।

তিনি আরও জানান, এর আগেও তার বিশ্ববিদ্যালয় জীবনের একটি নাট্যচিত্রের ছবি বিকৃত করে তার বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছিল। তিনি বলেন, ‘আমি রাজনৈতিক বিরোধিতাকে রাজনৈতিক সীমার মধ্যে রাখতে বিশ্বাস করি। ব্যক্তিগত আক্রমণ আমার পথে নয়।’

তুষার বলেন, ‘২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির শুরু পর্যন্ত আমি বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। ৫ আগস্টের পর থেকে আমি বিএনপির সমালোচনায় সক্রিয় হয়েছি, যা আমার রাজনৈতিক অবস্থান থেকে উঠে এসেছে।’

সোশ্যাল মিডিয়ার বিচারকে ‘বীভৎস’ অভিজ্ঞতা আখ্যা দিয়ে তুষার বলেন, ‘সোশ্যাল মিডিয়া কিছু শুনতে চায় না, তার আগে থেকেই সিদ্ধান্ত থাকে। এতে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে।’ তিনি দাবি করেন, তার নামে ভুয়া স্ক্রিনশট ও কথোপকথন ভাইরাল করা হয়েছে। ‘সেগুলো আমার না। দল স্বপ্রণোদিতভাবে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি লিখিত ব্যাখ্যা দেব।’

সারোয়ার তুষার তার পোস্টে হুমকি বা সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে হুমকি দিইনি। এমনকি এই পোস্টেও অপরপক্ষের পরিচয় দিচ্ছি না। যা বলার তা দলের মাধ্যমেই বলব।’ সোশ্যাল মিডিয়ায় নারী নেত্রীদের নিয়ে কুৎসা রটনাকারীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে রাজনৈতিক বিরোধিতা ব্যক্তিগত পর্যায়ে নামিয়ে আনবেন না। আমি নিজেকে আরও পরিশীলিত করার চেষ্টা চালিয়ে যাব।’

তিনি তার স্ট্যাটাসের একেবারে শেষে বলেন, ‘বাংলাদেশপন্থার জয় হোক।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো