Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিটি ইজারা-করিডোর প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৮:২৭

শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা এবং রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে ‘শান্তিপূর্ণ গণআন্দোলন’ কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ২০ থেকে ২৬ জুন পর্যন্ত বন্দর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং ৩০ জুন চট্টগ্রাম বন্দর ভবনের মূল ফটকের সামনে ‘শান্তিপূর্ণ গণসমাবেশ’।

মঙ্গলবার (১৭ জুন) সকালে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। নগরীর চেরাগি পাহাড়ে ‘বৈঠকখানা হলে’ এ সংবাদ সম্মেলন হয়েছে।

বিজ্ঞাপন

এতে লিখিত বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন বলেন, ‘চব্বিশের গণআন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, তাদের মতামতের প্রতিফলন ঘটবে। কিন্তু দুঃখজনকভাবে সরকার দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে জনগণের সেই প্রত্যাশাকে উপেক্ষা করছে। বন্দরের এনসিটি ইজারার মতো একটি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনকারীদের প্রতিহত করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত অশনিসংকেত।’

তিনি বলেন, ‘এনসিটি হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক ও কৌশলগত কনটেইনার টার্মিনাল, যা সম্পূর্ণভাবে বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং বর্তমানে শতভাগ বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে দেশের ৪৫ শতাংশ কনটেইনার পরিচালনার ক্ষমতা বিদেশিদের হাতে চলে যাবে, যা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ।’

রাখাইনে মানবিক করিডোর প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এতে দেশ ভূরাজনৈতিক সংকটে জড়িয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করা হয়েছে। সেগুলো হল- এনসিটির ইজারা প্রক্রিয়া বাতিল, বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়া পতেঙ্গা টার্মিনালের কার্যকারিতা মূল্যায়ন, করিডোর পরিকল্পনা বাতিল এবং কৌশলগত বিষয়ে শ্রমিক ও জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী নুরুল্লাহ বাহার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, চট্টগ্রাম স্কপের যুগ্ম সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, শ্রমিক ফ্রন্ট নেতা মহিন উদ্দিন, বিএফটিইউসি’র জেলা সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের নগর কমিটির সাধারণ সম্পাদক বাউ আহাম্মদ ভূঁইয়া।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো