Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতার বিষয়টি বোধগম্য নয়: ইসলামী আন্দোলন

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৫ ২২:৩২ | আপডেট: ২১ জুন ২০২৫ ১১:২৩

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতেই হওয়া উচিত মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, ‘বিএনপি চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, না চাইলে হবে না— এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অযৌক্তিক। তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে কেন, বিষয়টি বোধগম্য নয়।’

শুক্রবার (২০ জুন) রাজধানীর ঢাকা-১৬ ও ১৮ আসনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আয়োজিত তৃণমূল নেতাদের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মাওলানা মাসউদ বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়ে আসছে। এখন বিএনপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দল এ পদ্ধতির পক্ষে। অথচ বিএনপি যদি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী রাজনীতিতে বিশ্বাস করে, তাহলে তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছে কেন, সেটি বোধগম্য নয়।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ইসলামপন্থিদের একটি ঐক্যবদ্ধ ভোট বাক্স গঠনের উদ্যোগ চলছে। কিন্তু এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে কিছু দল মিথ্যা নির্বাচনী আশ্বাস দিতে শুরু করেছে, যা অতীতেও ফলহীন ছিল। এসব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহ ইফতেখার তারিক, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, শরীফুল ইসলাম আরিফ, মুফতি আব্দুল কুদ্দুস রশিদী, মুফতি আরমান হোসাইন, গোলাম মোস্তফা প্রমুখ।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো