Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, পরে সংসদ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৮:৩০

শরীয়তপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, আমরা নির্বাচনের আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি। নির্বাচন ব্যবস্থার মধ্যে সংস্কার করতে হবে। সংস্কারের আগে নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। দেশবাসী দুর্ভোগ পোহাচ্ছে, জনগণের দুর্ভোগ লাঘবে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন। সংসদে সংখ্যানুপাতিক আসন বিন্যাস করতে হবে।

শনিবার (২১ জুন) শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র পরিবর্তনে, সমাজ পরিবর্তনে সাংবিধানিক পদ্ধতি হলো নির্বাচন পদ্ধতি। জামায়াত তার উদ্দেশ্যে ও লক্ষ্যে নিয়মতান্ত্রিক পন্থা গণতান্ত্রিক পদ্ধতিকে বেছে নিয়েছে সমাজ পরিবর্তনের জন্য। এজন্য আমাদের আগামী নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘এ যাবৎকাল যারা দেশ শাসন করেছে তারা কি সুশাসন কায়েম করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে, মানুষের অধিকার ন্যায় বিচার কোনটাই করতে পারেনি। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মুহা. আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট আজমল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আজহারুল ইসলাম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোশাররফ হোসেন মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসাইন।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো