Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের শেষ সময় রোববার

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৯:৪২ | আপডেট: ২২ জুন ২০২৫ ০০:৩৮

ঢাকা: নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা রোববার (২২ জুন) শেষ হচ্ছে। নির্বাচন কমিশনে (ইসি) এদিন বিকেল ৫টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।

দল নিবন্ধন আইন অনুযায়ী, একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা কমিটি এবং ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। এ ছাড়াও, যদি কোনো দলের সদস্য অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন অথবা পূর্ববর্তী নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেয়ে থাকেন, তবে সেগুলোও নিবন্ধনের যোগ্যতার মাপকাঠি হিসেবে বিবেচিত হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১০০টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর আগে, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কিছু দলের আবেদনের প্রেক্ষিতে ইসি আবেদনের সময়সীমা প্রায় দেড় মাস বাড়িয়েছিল। এনসিপিসহ আরও কয়েকটি দল রোববার আবেদন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। উল্লেখযোগ্যভাবে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনের মতো দলগুলো নিবন্ধন পেয়েছে। এই দলগুলোর প্রায় প্রতিটিই আবেদনের পাঁচ থেকে ছয় বছর পর আদালতের আদেশে নিবন্ধন লাভ করেছে।

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে, ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এখন পর্যন্ত মোট ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও, পরবর্তীতে শর্ত পূরণ না করা, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। এই দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি এবং জাগপা।

তবে, সম্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা তাদের নিবন্ধন ফিরে পেলেও, ইসি এখনো এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি করেনি।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো