Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিবন্ধন আবেদনে ৩ প্রতীক, ‘শাপলা’ চায় এনসিপি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৮:২৫ | আপডেট: ২২ জুন ২০২৫ ১৯:৫৯

আবেদন জমা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত

‎ঢাকা: ‎নির্বাচন কমিশনে দলের নিবন্ধন আবেদন জমা দিয়ে প্রতীক হিসেবে শাপলা, কলম অথবা মোবাইল ফোন প্রতীক চেয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।‎ তিনটি প্রতীক আবেদনে উল্লেখ করলেও ‘শাপলা’ প্রতীকটি প্রত্যাশা করছে এনসিপি। সেইসঙ্গে এএমএম নাসির উদ্দিন কমিশনের পুনর্গঠনের দাবিও জানিয়েছে দলটি।

‎রোববার (২২ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রয়োজনীয় কাগজপত্রসহ দলের আবেদন জমা দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এ সময় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ায়ারী, উত্তরাঞ্চল সমন্বয়ক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, এদিন বিকেল ৪টার দিকে জনা পঞ্চাশেক নেতাকর্মীসহ প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসে। পরে নির্বাচন ভবনের দ্বিতীয় তলায় ডেস্কপ্যাচে গিয়ে আবেদনপত্র জমা দেন তারা। উল্লেখ্য, আজ ছিল নিবন্ধন আবেদনের শেষ দিন।

‎আবেদনপত্র জমা দিয়ে সাড়ে চার টার দিকে ব্রিফিংয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘‘আমরা ইসি কর্মকর্তাদের কাছে আবেদনপত্র জমা দিয়েছি। নিবন্ধন শর্তপূরণ করে এমন সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। আমরা এনসিপির দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ প্রতীক চেয়েছি।” ‎তিনটি প্রতীক আবেদনে উল্লেখ করলেও শাপলা প্রতীককে এনসিপির প্রতীক হিসেবে বরাদ্দ দেবে বলে প্রত্যাশা রাখেন তিনি।

‎মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোওয়ারী জানান, শাপলা ছাড়াও ‘কলম’ ও ‘মোবাইল’ প্রতীক হিসেবে চেয়েছে এনসিপি। এরমধ্যে শাপলা-ই বরাদ্দ পাবেন বলে তিনিও প্রত্যাশা করেন। তিনি বলেন, ‘এনসিপি নিবন্ধন পাবে এবং শাপলা প্রতীকে জয় জয়াকর হবে আগামী নির্বাচনে।’

‎জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে এনসিপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে বলেও দাবি করেন তিনি।

এদিকে এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা এখনো দাবি করছি, বর্তমান ইসির পুনর্গঠন করতে হবে। এ ইসি পুনর্গঠন হতে হবে এবং পুনর্গঠন হবেই। আমরা বি অপশনে যাচ্ছি না।’ আর কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো