Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে প্রথমবারের মতো চালু হলো ‘গুগল পে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৩:১৬ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৫:৪২

ঢাকা: দেশে প্রথমবারের মতো চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহায়তায় এ সেবা চালু করেছে বেসরকারি বাণিজ্যিক সিটি ব্যাংক পিএলসি। এর মাধ্যমে গুগল পে’র সঙ্গে যুক্ত হল দেশের প্রথম কোনো ব্যাংক। ফলে এখন থেকে সিটি ব্যাংকের গ্রাহকরা মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে সংযুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গুগল পে’র উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সেখানে ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গুগল পে’র উদ্বোধন করেন গভর্নর আহসান এইচ মনসুর

আয়োজকরা জানান, ‘গুগল পে’-তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি; এটি গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এর মধ্য দিয়ে গ্রাহকের হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে ডিজিটাল ওয়ালেট। ফলে গ্রাহককে আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করতে হবে না। আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সব লেনদেন মুঠোফোনে হবে।

এ সেবার গ্রাহকেরা এখন থেকে দেশে কিংবা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সক্ষম- এমন পস টার্মিনালে শুধু অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে ও ঝামেলাহীনভাবে লেনদেন করতে পারবেন। তবে সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সিটি ব্যাংকের কার্ড যুক্ত করতে হবে। এরপর যে কোনো দোকান বা রেস্তোরাঁয় স্মার্টফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের যে অঙ্গীকার, এই অংশীদারি তার প্রতিফলন। এই উদ্ভাবনী সেবা গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা গর্বিত।’

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো