Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশ ভুক্তভোগী রাষ্ট্র: ফরিদা আখতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৮:৩৯ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:৩৩

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার – (ছবি : সংগৃহীত)

ঢাকা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গ্রিনহাউস গ্যাস নির্গমনের ক্ষেত্রে বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র। বিশ্বের ধনী দেশগুলো বিপুল পরিমাণ কার্বন নির্গত করলেও, বাংলাদেশকে এর ভয়াবহ প্রভাব বহন করতে হচ্ছে; অথচ বৈশ্বিক নিঃসরণে আমাদের অবদান মাত্র ০.৪ শতাংশ।’

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘দুধ ও গরু পালন কার্যক্রম সংক্রান্ত তথ্য এবং আইপিসিসির টায়ার-২ ভিত্তিক গ্রিনহাউস গ্যাস নির্গমন পরিমাপ- লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) হস্তক্ষেপের প্রভাব’ শীর্ষক একটি যাচাইকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলো বহুবার সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা কখনোই বাস্তবায়ন হয়নি। তাই অন্যদের দিকে না তাকিয়ে আমাদের নিজেদের সক্ষমতার ওপর ভর করে এগিয়ে যেতে হবে। প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তন ও কার্বন নির্গমন ইস্যুতে আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ প্রতিনিধিত্ব করবে। বিশ্বব্যাপী কার্বন নির্গমনে প্রাণিসম্পদ খাতের কিছুটা ভূমিকা থাকলেও, বাংলাদেশে এর দায় তুলনামূলকভাবে নগণ্য।

প্রাণিসম্পদখাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি বলেন, প্রোটিনের উৎস হিসেবে মাংস অপরিহার্য, তবে এর সাথে মিথেন গ্যাস নিঃসরণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে আমাদের প্রযুক্তিগত ও গবেষণাভিত্তিক প্রস্তুতি নিতে হবে। কর্মকর্তাদের দক্ষ করে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে গবেষণার মান আরও উন্নত করা সম্ভব।

প্রাণিসম্পদ অধিদফতর, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালাটির সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.শাকিলা ফারুক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফও)-এর বাংলাদেশে প্রতিনিধি জিয়াওচুন শি, বিশ্বব্যাংকের সিনিয়র কৃষি অর্থনীতিবিদ ও টাস্ক টিম লিডার আমাদু বা, এলডিডিপি-এর প্রকল্প পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, প্রকল্পের উদ্দেশ্য, সাফল্যের নির্দেশকসমূহ এবং অর্জিত ফলাফলসমূহের ওপর আলোকপাত করেন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী প্রমুখ।

সারাবাংলা/ইএইচটি/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো