Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসির জাল প্রবেশপত্রসহ ছাত্রী আটক, ১ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৫ ১২:১৩

সিলেট সরকারি কলেজ।

সিলেট: এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই সিলেট সরকারি কলেজ কেন্দ্র থেকে জাল প্রবেশপত্রসহ এক ছাত্রীকে আটক করে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষায় বসার আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়লে কলেজ কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান। তারা এসে ছাত্রীকে পরীক্ষায় প্রতারণার দায়ে এক বছরের কারাদণ্ড দেন। এদিকে, সাজা শোনার পর শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জানা যায়, মোছা. তাহমিনা আক্তার মদন মোহন কলেজের শিক্ষার্থী। কিন্তু একই রোল নম্বর ও তথ্য-সম্বলিত প্রবেশপত্র নিয়ে আরেকজন ছাত্রী, ফয়জিয়া আক্তারও পরীক্ষায় অংশ নিতে আসেন। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি লক্ষ্য করে। যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী হিসেবে ফয়জিয়াকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়। আর ভুয়া প্রবেশপত্রসহ তাহমিনাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদে তাহমিনা জানান, সময়মতো ফি না জমা দেওয়ায় তার দুলাভাই এক দালালের মাধ্যমে টাকা পরিশোধ করেন এবং সেখান থেকেই জাল এডমিট কার্ড সংগ্রহ করেন।

তাহমিনার দাবি, সে কিছুই জানতো না। সব করেছে তার দুলাভাই। এখন ওই ছাত্রী হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, ‘একই রোল নম্বরে দুইজন শিক্ষার্থী হওয়ায় আমরা তদন্ত করে একজন শিক্ষার্থীকে ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দেওয়ায় আমরা আটক করি। যতটুকু সে আমাদের বলেছে সময়মতো ফি না দেওয়ায় তার দুলাভাই দালালের মাধ‍্যমে ভুয়া প্রবেশপত্র সংগ্রহ করে তাকে দেয়। পরে আমি শুনেছি এখানে ম্যাজিস্ট্রেট এসেছেন এবং ওই শিক্ষার্থীকে সাজা দিয়েছেন।’

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘পুলিশি আটক করা হয়নি, তবে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীকে এক বছরেরর সাজা দিয়েছেন। তবে সাজা শোনার পর শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এখন সে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির বলেন, ‘জাল প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীর অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো