Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডায়াবেটিস-হৃদরোগে ভুগছিলেন, কোভিড আক্রান্ত হওয়ার পর মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৮:০৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিস এবং হৃদরোগে ভুগছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সংক্রমণ শুরুর পর চলতি জুন মাসে এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট সাতজনের মৃত্যু হলো।

শনিবার (২৮ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা ছিলেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘তিনি (সালেহা বেগম) আগে থেকেই ডায়াবেটিস ও হার্টের রোগে ভুগছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হলে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’

বিজ্ঞাপন

এ পর্যন্ত মৃত সাতজনের মধ্যে দুইজন নগরীর, দুইজন মীরসরাই উপজেলার, একজন পটিয়া ও একজন কর্ণফুলী উপজেলা এবং একজন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দা। এদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ।

এদিকে শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
সরকারি-বেসরকারি আটটি হাসপাতাল ও রোগ নিরূপণ কেন্দ্রে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়।

এ নিয়ে চট্টগ্রামে মোট ১৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১৭ জন নগরীর বাসিন্দা। বাকি ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সারাবাংলা/আরডি/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো