Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মুরাদনগরে হিন্দু নারীর শ্লীলতাহানি মহল বিশেষের রাজনৈতিক অভিসন্ধি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৯:৩৪ | আপডেট: ২৯ জুন ২০২৫ ২০:৫৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীর শ্লীলতাহানির ঘটনাকে মহল বিশেষের রাজনৈতিক অভিসন্ধি বলে মনে করছে বিএনপি।

রোববার (২৯ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ব্যাপারে বিএনপির অবস্থান তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, হিন্দু ধর্মাবলম্বী এক নারীকে শ্লীলতাহানী ও নির্যাতন করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনা দেশের মানুষকে ব্যথিত ও মর্মাহত করেছে। অথচ একটি কুচক্রী মহল এই ঘটনাকে রাজনৈতিকভাবে ভিন্নখাতে প্রবাহিত করার এক গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো সংখ্যালঘুদের ঘর-বাড়ি দখল ও নির্যাতন করে অন্যের ঘাড়ে দোষ চাপানোর খেলা এখনও চলছে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘ঐ এলাকার একজন উপদেষ্টা নিজের স্বার্থসিদ্ধির জন্য মুরাদনগরে ক্রমাগত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। দুস্কৃতিকারীরা আশকারা পেয়ে সমাজবিরোধী নানা অপকর্মে মেতে উঠেছে। আর এ ক্ষেত্রে তারা দেশ-বিদেশ থেকে অবিরাম মদত পাচ্ছে। উপদেষ্টা যদি জনসেবার চেয়ে আত্ম সেবাতেই ব্যস্ত থাকেন, তাহলে এলাকায় শান্তি বিঘ্নিত হবে। মুরাদনগরের বাসিন্দা উপদেষ্টা হওয়ার পর থেকেই আওয়ামী এমপিদের মতো এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারে ব্যস্ত রয়েছেন।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বী নারীর শ্লীলতাহানী ও সহিংসতা মনুষ্যত্বহীন, অমানবিক, পাশবিক ও মহল বিশেষের রাজনৈতিক লক্ষ্য পূরণের অভিসন্ধি। আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে রাজনৈতিক ফায়দা লোটার আওয়ামী নোংরা কৌশলেরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। হাসিনার পতনের পরও আমাদের চিরচেনা সেই সম্প্রীতির ঐতিহ্যকে ফিরিয়ে না এনে বরং বিনষ্ট করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য।’’

তিনি বলেন, ‘‘পতিত স্বৈরাচারের দোসররা অর্থবিত্তে সজ্জিত। নারী নির্যাতনসহ সহিংস সন্ত্রাসের গোপন অভিযান চালিয়ে উদোরপিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তারা গোপন অপতৎপরতায় লিপ্ত রয়েছে। শক্তিশালী পক্ষের আশীর্বাদ আছে বলেই দুর্বৃত্তরা সহিংস কার্যাবলী চালাতে উৎসাহিত হচ্ছে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘নারী নির্যাতনকারী অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তারা মানব সভ্যতার শত্রু।’’

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো