Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিমানবন্দরে ম্যাগাজিন উদ্ধার নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ২৩:৪৭ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১০:০৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে গুলিবিহীন একটি অ্যামোনিশন ম্যাগাজিন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে দিনভর আলোচনা সৃষ্টি হয়। ঘটনার পর রোববার (২৯ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

আসিফ মাহমুদ জানান, এই ঘটনা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। তিনি বলেন, ‘ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়। স্ক্যানিংয়ে ধরা পড়ার পর পরই আমি তা আমার প্রোটোকল অফিসারের হাতে হস্তান্তর করি।’

তিনি আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকার কারণে একাধিকবার হত্যাচেষ্টার মুখে পড়েছি। তাই সরকারি প্রোটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য বৈধ অস্ত্র রাখাটা অস্বাভাবিক নয়।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, রোববার সকালে টার্কিশ এয়ারলাইনসের TK-713 ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ অংশ নিতে ঢাকা ছাড়ছিলেন আসিফ মাহমুদ। তখন বিমানবন্দরে তার ব্যাগে স্ক্যানিংয়ের সময় একটি গুলিবিহীন ম্যাগাজিন পাওয়া যায়। পরবর্তী সময়ে সেটি কর্তৃপক্ষের নজরে আসার আগেই তিনি নিজেই তার প্রোটোকল অফিসারকে দিয়ে তা সরিয়ে নেন বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, ‘শুধু একটি ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? যদি আমার খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র ফেলে আসতাম না। এটা অবৈধ কিছু না হলেও কিছু মানুষের কাছে সমালোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে।’

এছাড়াও তিনি জোর দিয়ে বলেন, ‘চাপ দিয়ে কোনো সংবাদ সরানোর চেষ্টা করেছি— এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ঘটনার পর আমি টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম, ট্রানজিটে নামার পরই ইন্টারনেটে এসে সব দেখি।’ তিনি বলেন, ‘আপনার যদি নিরাপত্তা ঝুঁকি থাকে, আপনি আইনি প্রক্রিয়া মেনে অস্ত্রের লাইসেন্স করতে পারেন।’

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো