Friday 18 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘এনবিআর কর্মকর্তাদের বিষয়ে দুদকের অনুসন্ধানে সরকার হস্তক্ষেপ করেনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৮:৪১ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১৮:৫০

সোমবার সচিবালয়ে আয়োজিক এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – (ছবি : সংগৃহীত)

ঢাকা: আন্দোলনে অংশ নেওয়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুদক-এর অনুসন্ধানের বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করেনি- বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে আয়োজিক এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন দাবি করেন।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর অনলাইন ডাটাবেজ সিস্টেমে বাজেট রিপোর্টিং, ঋণ ও প্রচ্ছন্ন দায় বিশ্লেষণসহ সার্বিক কাজ মূল্যায়নের প্রথম বছরের কাজের সমাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থ উপদেষ্টা বলেন, দুদক-এর বিষয়ে আমি কোনো কমেন্ট করবো না। দুদক-এর নিজস্ব টার্মস ও কন্ডিশন আছে। তারা তাদের মত কাজ করছে। সরকার এতে কোনো হস্তক্ষেপ করেনি।

বিজ্ঞাপন

প্রসঙ্গক্রমে তিনি বলেন, সরকারের আদেশ-নির্দেশে বাংলাদেশ ব্যাংক কাজ করে থাকে। কিন্তু এখন সেটি হচ্ছে না। আমি যখন গভর্নর ছিলাম, তখনও এটি হতে দেইনি। আমার পরে যারা দায়িত্ব পালন করেছেন, তারা কেউ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন নি, সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন।

এনবিআর-এর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এতে অনেক ক্ষতি হয়ে গেল। সরকারের সঙ্গে কোনো ইস্যুতে মতবিরোধ হতে পারে, সেটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এখানে জাতীয় স্বার্থ জড়িত, যা হয়েছে তা একেবারেই অগ্রহণযোগ্য, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার তাদের বেতন দিচ্ছে, এটি কোনো প্রাইভেট প্রতিষ্ঠান নয় যে, ইচ্ছে হলো বন্ধ করে দিলাম।

কাজে যোগদানকারী এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতিমুক্ত ও পক্ষপাতহীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি চাই এনবিআর-এর কাজে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। পক্ষপাতদুষ্ট হয়ে কাজ না করলে কারো কোনো সমস্যা হবে না।

প্রসঙ্গক্রমে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সরকার অনেক কাজ করছে। কিন্তু টক শো তে প্রায়ই দেখি যে, অনেক বিখ্যাত লোকেরা বলছেন- কিছুই হচ্ছে না, কিছুই তো দেখছি না। শুধু বড় বড় ভবন তৈরিই কাজ নয়, আরও অনেক কাজ আছে। সরকার অনেক কাজ করছে। কিন্তু দেখার জন্যও চোখ লাগে।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো