Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ মামলায় শ্যোন অ্যারেস্ট আসাদুজ্জামান নূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ২৩:০৮

সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

নীলফামারী: জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে জেলার চারটি মামলায় ভার্চুয়ালি শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ সিদ্ধান্ত দেন।

জিআর ২৬৭/২৪, জিআর ২৬৯/২৪, জিআর ২৭৪/২৪ ও জিআর ৩২০/২৪— এই চারটি মামলায় আদালতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ভার্চ্যুয়ালি শুনানি অনুষ্ঠিত হয়। একযোগে কাশিমপুর কারাগার থেকে যুক্ত হন আসামি আসাদুজ্জামান নূর। অন্যদিকে, আদালত প্রান্তে উপস্থিত ছিলেন বিচারক, কোর্ট ইন্সপেক্টর, চার মামলার তদন্তকারী কর্মকর্তা এবং আসামিপক্ষের আইনজীবীরা।

বিজ্ঞাপন

নীলফামারী কোর্ট ইন্সপেক্টর জিন্নাত আলী জানান, চারটি মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভার্চুয়ালি আদালত পরিচালনা করে আসাদুজ্জামান নূরকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। তিনি বলেন, ‘আমার সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে ছিলেন ইন্সপেক্টর আশরাফ হোসেন ও মামলার চার তদন্ত কর্মকর্তা।’

নীলফামারী আদালত পুলিশের পরিদর্শক জিন্নাত আলী বলেন, ‘চার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে আসাদুজ্জামান নূরকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করে গ্রেফতার দেখানো হয়।’

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, ‘চার মামলায় আসাদুজ্জামান নূরকে ভার্চ্যুয়ালি গ্রেফতার দেখানো হয়েছে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেফতার হয়ে আগে থেকেই কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন নূর। গত বছর (২০২৪ সালের) ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকার বেইলি রোডের নওরতন কলোনির বাসা থেকে তাকে সিয়াম হত্যা মামলায় গ্রেফতার করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর তাকে মিরপুরের মামুন হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

এর পর নীলফামারীতে বিএনপি নেতা গোলাম রব্বানী ও জামায়াতকর্মী আবু বক্কর সিদ্দিক হত্যাসহ একাধিক মামলায় আসাদুজ্জামান নুরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ৫ ও ১০ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা, ভাঙচুর ও জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের হয় পৃথক দু’টি মামলা। জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দু’টি মামলাও করেন, যাতে নূরকে প্রধান আসামি করা হয়।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো