Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসীদের ভোট নিশ্চিতে সহায়তা দিতে চায় ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৯:৪০

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

‎‎ঢাকা: প্রবাসী ভোটারদের বাদ দিলে ‘ইনক্লুসিভ’ বা অংশগ্রহণমূলক নির্বাচন পূর্ণতা পায় না। তাই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সহায়তা করতে চায় কানাডাভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’।

বুধবার (৯ জুলাই) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে তারা এ আগ্রহের কথা জানান।

বৈঠকে অংশ নেন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট, মার্কিন রাজনৈতিক অর্থনীতিবিদ ফরেস্ট কুকসন, আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ আরও কয়েকজন। এ সময় প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশন, ভোটাধিকার নিশ্চিতকরণ, ভোটগ্রহণ পদ্ধতি এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’-এর প্রতিনিধি ড. ওয়েন লাইপার্ট বলেন, ‘আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা রয়েছে। আমরা সিইসি কাছে প্রবাসী ভোটারদের নিবন্ধন নিয়ে সহায়তার বিষয়ে কথা বলার জন্য এসেছিলাম।’

সংস্থাটির পক্ষে আন্তর্জাতিক মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম সাংবাদিকদের বলেন, ‘প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে নতুন বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার। বিশেষ করে যারা গত জুলাইয়ের অভ্যুত্থানে রেমিটেন্স পাঠানো বন্ধ করে প্রতিরোধ দেখিয়েছিল এবং পরে তা আবার চালু করেছিল। তাই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে প্রবাসীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে আমরা একত্রিত হয়েছি। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শুরু থেকেই বলেছেন প্রবাসীদের নির্বাচনে সম্পৃক্ত করা জরুরি।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি মেগাফোন হতে চাই, যার মাধ্যমে প্রবাসীদের কাছে ইসির বার্তা পৌঁছায়। অনেক সময় তথ্য ঘাটতির কারণে তারা প্রক্রিয়ার বাইরে থেকে যান। সেই জায়গায় সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য।’

শহিদুল আলম আরও বলেন, ‘আমাদের ভূমিকা হলো এই উদ্যোগকে আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া। যেসব জায়গায় তথ্য জানার ঘাটতি রয়েছে, সেসব জায়গায় আমরা কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছি। আমি এই প্রতিষ্ঠানের কেউ নই। তবে বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের আশঙ্কা ছিল—তারা ভোটাধিকার থেকে বাদ পড়তে যাচ্ছেন। সেই উদ্বেগ থেকেই আমি তাদের সঙ্গে এসেছি।’

এ সময় তারা বলেন, ‘সিইসির সঙ্গে বৈঠকে প্রবাসীদের জন্য একটি ডিজিটাল আউটরিচ পোর্টাল, সহজ ভাষায় তথ্য সরবরাহ, রেজিস্ট্রেশন সহায়তা ও দূতাবাসগুলোতে তথ্য কেন্দ্র স্থাপনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

‎উল্লেখ্য, ‘দ্য অপোজিশন ইন্টারন্যাশনাল’ একটি বৈশ্বিক নাগরিক সংগঠন, যারা গণতান্ত্রিক শাসন ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে কাজ করে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো