Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘২৪’র চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মতো লাফালাফি হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৫ ২২:৩১

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

ঢাকা: চব্বিশের চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মতো লাফালাফি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

রোববার (২০ জুলাই) সন্ধ্যায় হোটেলে সোনারগাঁওয়ে আয়োজিত এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‘২৪ পরবর্তী রাজনৈতিক সংকট ও নির্বাচন পূর্ব সহিংসতা মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সংলাপ আয়োজন করে ‘স্কুল অব লিডারশিপ সোলো ইউএসএ’ নামের একটি প্রতিষ্ঠান।

সেলিমা রহমান বলেন, ‘‘রাষ্ট্র কাঠামো সংস্কার করার জন্যই আমরা লড়াই করছি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটা বিএনপিই দিয়েছে। আমরা এটা করব। বিএনপি এ জন্য জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। আমরা যদি (সংস্কার) না করতে পারি, জনগণ আমাদের ছুড়ে ফেলে দেবে। আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা করব। কিন্তু সেই সংস্কার নিয়ে, নির্বাচন নিয়ে, ২৪ এর চেতনা নিয়ে আজকে যুদ্ধ হচ্ছে। ২৪ এর চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার মতো লাফালাফি হচ্ছে।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘আজকে অনেকেই বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী নেতাদের বিরুদ্ধে অশালীন বক্তব্য রাখছে। সেটা কী আমাদের সমাজের চিহ্ন? আমাদের সমাজে ছিল বড়দের সম্মান করবে, শিক্ষকদের সম্মান করবে। সমাজে পারস্পারিক শ্রদ্ধার একটা পরিবেশ ছিল, সেটা শেষ হয়ে গেছে।’’

সেলিমা রহমান বলেন, ‘‘কক্সবাজারে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ; যিনি ১৬টি বছর নির্যাতনের শিকার হয়েছেন, যাকে গুম করে নিয়ে গিয়েছিল, আজকে তার বিরুদ্ধে একটা কথা বলা হল। বলে সেটা প্রচার করা হল।’’

তিনি বলেন, ‘‘তরুণ প্রজম্ন একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করছে। আমরা খুশি। এরে আগে মুক্তি যুদ্ধ হয়েছে, ৯০ এ গণঅভ্যুত্থান হয়েছে। সেখানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু ক্ষমতা ধরে রাখেনি। কিন্তু ২৪ এ কী হল? ২৪ এ যারা আন্দোলন করেছেন তাদের স্যালুট জানাই। কিন্তু, একই সঙ্গে বলতে চাই, তোমাদের সঙ্গে পুরো জাতি আন্দোলনে নেমে এসেছিল।’’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, সোলো ইউএসএ’র ব্যাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এম শরীফুল করীম প্রমুখ।

সংলাপের কি-নোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।

সারাবাংলা/এজেড
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো