Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের সম্মানে দুপুরের পর বন্ধ থাকবে বিচারকাজ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৫ ১০:৫২

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় দুপুরের পর বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় প্রধান বিচাুরপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ এজলাসে বসেন। শুরুতেই মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত-আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে আপিল বিভাগ।

এরপর প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগের নিয়মিত বিচারকাজ চলবে। তবে হতাহতদের শ্রদ্ধায় দুপুর ১টার পর সুপ্রিম কোর্টে আর বিচারকাজ চলবে না। একইসঙ্গে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চকেও বিচারকাজ শুরুর আগে শ্রদ্ধা জানানোর নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া জানান, দেশের সব আদালতকেও দিনের কার্যক্রম শুরুর আগে দাঁড়িয়ে নীরবতা পালনের নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ ছাড়া আগামী তিন দিন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়।

বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ছয়জনের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। বাকি দুজনের একজন পাইলট ও আরেকজন শিক্ষিকা। এ পর্যন্ত ২০টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ৭৮ জনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ২১ জুলাই দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো