খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ২টি ডিসিপ্লিনের ২২ জন কৃতি শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের বিবিএ ’২০ ব্যাচের ঋতুপর্ণা সাহা, শেখ মুহাম্মদ তাহমিদ, এমবিএ ’১৯ ব্যাচের শ্যামা ফলিয়া, কাজী নিশাত ফারহা লোপা, মো. ফাহমিদুল হক, ’২০ ব্যাচের গায়ত্রী অদিতি মিত্র, সৈয়দ শামীম হাসান, ’২৩ ব্যাচের ফারহানা ইয়াসমিন, আব্দুল্লাহ তারিক ও পূজা রায়;
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের বিবিএ ’১৯ ব্যাচের সাব্বির আহমেদ, তামিমা হাসান তৈশি, জারিন রাফা, নাতাশা শিকদার, ’২০ ব্যাচের খাদিজা আক্তার রোশনি, আতকিয়া মায়শা, এমবিএ ’২০ ব্যাচের শেখ নিয়াজুর রহমান, ফারহানা আমিন কনা, ’২৩ ব্যাচের ব্রিতো রায়, নূর-ই-আলম সিদ্দিকী, রুকাইয়া আবিহা ও মো. মুবিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘ডিন’স অ্যাওয়ার্ড শুধু একটি পুরস্কার নয়, বরং এটি শিক্ষার্থীদের জন্য আজীবন গৌরবের স্মৃতি ও অনুপ্রেরণার উৎস। পিতা-মাতা ও শিক্ষকরা সবসময় চান, তাঁদের সন্তানেরা যেন আরও উচ্চতর সাফল্যে পৌঁছান—এ পুরস্কার সে পথের একটি গুরুত্বপূর্ণ ধাপ।’
তিনি আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় যেসব ডিসিপ্লিন নিয়ে যাত্রা শুরু করেছিল, তার অন্যতম ছিল ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন। শুরু থেকেই এ ডিসিপ্লিন তার সক্ষমতা প্রমাণ করে এসেছে। এই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দেশ-বিদেশে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনও ইতোমধ্যে নিজেদের মেধা, মনন ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, যা তাদের সামগ্রিক বিকাশে ভূমিকা রাখছে।’
উপাচার্য শিক্ষার্থীদের অ্যাকাডেমিক রেজাল্টের মাধ্যমে তাদের উৎসাহিত করার জন্য ধারাবাহিকভাবে ডিন’স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগকে স্বাগত জানান এবং আগামীতেও এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান।
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নূর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন প্রধান মো. মেহেদী হাসান।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী মো. ফাহমিদুল হক, তামিমা হাসান তৈশি ও নূর-ই-আলম সিদ্দিকী। শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন গোলাম মোক্তাদির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।