Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ দিতে হবে: নাহিদ ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৫ ২৩:১৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৫ ২৩:২২

ময়মনসিংহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে, জুলাই সনদ হবে। আমরাও বলেছি, জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যে।

সোমবার (২৮ জুলাই) বিকেলে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি, নির্বাচন কমিশনসহ দুদক ও পিএসসিতে নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবাধিনিক কমিটি তৈরি করতে হবে। নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাল্লাহ ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারব। আগামী ৩ আগস্ট ঢাকায় এনসিপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘পদযাত্রায় নেমেছি। কিন্তু আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। আমি বিশ্বাস করি, যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকেন, তাহলে আমরা সেই দেশ অচিরেই নির্মাণ করতে পারব।’

তিনি এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন। আপনারা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন।’

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ময়মনসিংহের প্রশাসন জুলাই শহিদ পরিবার ও আহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন না, তাদের কথা শুনছেন না। ভবিষ্যতে যদি কোনো শহিদ পরিবার বা আহতদের পরিবারের সদস্যদের আপনাদের চেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে ছাত্র-জনতা তাদের চেয়ার নিয়ে আসবে।‘

তিনি বলেন, ‘জুলাই শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যখন একটি নতুন বাংলাদেশের যাত্রা করতে যাচ্ছি, সেই আহতদের স্বপ্ন, শহিদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা শহিদদের রক্তের সঙ্গে ওয়াকআউট করতে পারেন না।’

তিনি আরও বলেন, ‘আমাদের সামনে একটিই লক্ষ্য, সেটি হলো বাংলাদেশের সংস্কার। এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার।’

এতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমীন, শহিদ সাগরের পিতা আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিল, যুগ্ম সদস্যসচিব ও ময়মনসিংহ জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন, কেন্দ্রীয় নেতা আবুল বাসারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে, বিকেল ৩টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা জামালপুর থেকে ময়মনসিংহে আসেন। পরে স্থানীয় একটি হোটেলে ময়মনসিংহে জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাদের খোঁজ-খবর নেন। সেখান থেকে তারা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড মহিলা কলেজের সামনে শহিদ সাগর চত্বরে শ্রদ্ধা জানান। পরে সেখান থেকে একটি পদযাত্রা বের হয়ে সি. কে. ঘোষ রোড, রামবাবু রোড, নতুন বাজার ও জিলা স্কুল মোড় হয়ে টাউন হল প্রাঙ্গনে সমাবেশে যোগ দেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো