Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে উসকানিদাতা সেই সাংবাদিক তিন দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ২১:১৫

সাংবাদিক হাবিবুর রহমান সেলিম। ছবি: সংগৃহীত

রংপুর: ‎রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুধর্মাবলম্বী বাড়িঘরে হামলার ঘটনায় উসকানির অভিযোগে গ্রেফতার সাংবাদিক হাবিবুর রহমান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ আগস্ট) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক কৃষ্ণ কমল রায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হাবিবুর রহমান সেলিম রংপুর থেকে প্রকাশিত স্থানীয় পত্রিকা ’যুগের আলো’র প্রতিনিধি। এর আগে গত ৩ আগস্ট দিবাগত রাতে রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সেনাবাহিনী তাকে আটক করে। পরে তাকে গঙ্গাচড়া থানায় সোপর্দ করে মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন: রংপুরে হিন্দুধর্মাবলম্বী বাড়িঘরে হামলা: গ্রেফতার সাংবাদিক কারাগারে

উল্লেখ্য, গত ২৬ জুলাই ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগে আলদাদপুর ছয়আনি বালাপাড়া এলাকার এক হিন্দু কিশোরকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনার জেরে ওই রাতেই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলা চালানো হয়।

পরদিন সাইবার সুরক্ষা আইনে দায়ের হওয়া মামলায় কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পাশের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ি, মাগুড়া ও বাংলাবাজার এলাকা থেকে দফায় দফায় লোকজন মিছিল নিয়ে এসে হিন্দুধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালায়। পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাঁধে, তাতে একজন পুলিশ সদস্য আহত হন এবং হিন্দু সম্প্রদায়ের একাধিক ঘরবাড়ি ভাঙচুর হয়।

ঘটনার পর রবীন্দ্রনাথ নামে এক ভুক্তভোগী গঙ্গাচড়া থানায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ গ্রেফতার হওয়া হাবিবুর রহমান সেলিমসহ সবার রিমান্ড মঞ্জুর হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো