ঢাকা: বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতরের দশম গ্রেডের ‘ব্যক্তিগত কর্মকর্তা’ পদে নিয়োগের বাছাই পরীক্ষার (এমসিকিউ) তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে।
আগামী ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ পুলের আওতায় নিয়োগযোগ্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের ‘ব্যক্তিগত কর্মকর্তা’(১০ম গ্রেড) পদের প্রার্থীদের বাছাই (এমসিকিউ) পরীক্ষা নির্ধারিত কেন্দ্রসমূহে বর্ণিত তারিখ, সময় ও আসনবিন্যাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষার হলে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
পরীক্ষার্থীদের উত্তরপত্রে নিজ নাম, জেলা এবং রেজিস্ট্রেশন নম্বর কালো কালির বলপয়েন্ট কলম দিয়ে লিখে নিচের সংশ্লিষ্ট বৃত্তগুলো ভরাট করে নির্ধারিত স্থানে সই করে পরিদর্শকগণের নির্দেশনামতে হাজিরা তালিকায় সই করবেন। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের চারটি সেট থাকবে, যেমন সেট-১, সেট-২, সেট-৩ এবং সেট-৪। প্রতি সেট প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রঙে মুদ্রিত। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন, তাকে অনুরূপ একই সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে।
উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্ন পত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থী উত্তর প্রদান শুরু করবেন। বেলা ৩টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী কেন্দ্র থেকে বের হতে পারবেন না।
এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।
মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতরের ১০ম গ্রেডে নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ
স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ১২:৪৮
৮ আগস্ট ২০২৫ ১২:৪৮
সারাবাংলা/এনএল/এসডব্লিউ