পঞ্চগড়: পঞ্চগড় জেলা শহরে ছাত্রদলকর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জাবেদ উমর জয় (১৯) হত্যাকাণ্ডে ৮ জনের নাম উল্লেখ করে ও ১১ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ইসমাইল হোসেন ঝুনুকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নিহত জয়ের বড় ভাই মো. আশরাফ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতার হওয়া ঝুনু স্বেচ্ছাসেবক দলের পঞ্চগড় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সচিব।
মামলার এজাহারে বলা হয়েছে, জয় ও তার বন্ধুরা এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে যুক্ত ছিলেন। অপরদিকে অভিযুক্তরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা জয়কে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে। তার পেট ফেটে ভুঁড়ি বেরিয়ে গেলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, গ্রেফতার ঝুনুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, বুধবার রাতে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে জয়কে ছুরিকাঘাত করা হয়। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সহপাঠী ও এলাকাবাসী শহরে বিক্ষোভ করে। পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও।