Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে: নাসিমুল গনি

স্টাফ করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৫ ২৩:১৮

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি

ঢাকা: জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও অন্ধ আনুগত্য বর্জন করতে হবে এবং উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেলে ৪টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

নাসিমুল গনি সূরা সোয়াদ-এর ২৬ নম্বর আয়াত ‘হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, সুতরাং মানুষের মাঝে ন্যায়বিচার করো এবং ব্যক্তিগত খেয়াল-খুশির অনুসরণ করো না, নইলে তা তোমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে।’ উল্লেখ করে বলেন, ‘ধর্মীয়, মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালন করতে হবে।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করার লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসন্ন নির্বাচনকে দেশে-বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

সাজ্জাত আলী বলেন, ‘বিগত বছরে মেট্রোপলিটন পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় যে ভঙ্গুর অবস্থায় পুলিশ চলে গিয়েছিল, সেখান থেকে এখন অনেকটাই পেশাদারিত্বে ফিরে এসেছে। এই পেশাদারিত্ব আরও উন্নত করে দেশ ও জাতির সেবা করতে হবে।’

অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো