ঢাকা: বিএনপি ক্ষমতায় এলে দলের প্রধান লক্ষ্য হবে তারেক রহমানের স্বপ্ন ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি আরও বলেন, এর মাধ্যমে একটি সহনশীল ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধে ঢাকা অগ্রগামী ক্রীড়া সংসদের মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক আহ্বান জানান, জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করার। তিনি সতর্ক করে বলেন, ‘ব্যর্থ হলে নেতৃত্বে পরিবর্তন আনা হবে।’ প্রভাব বিস্তার নয়, বরং মানুষের সঙ্গে মিশে মতামত নিয়ে কাজ করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নিজেদের স্বার্থ দেখেছে, সাধারণ মানুষের জন্য কাজ করেনি।’
খেলাধুলার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার আয়োজন করা হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনই হবে প্রধান উদ্দেশ্য।’
স্থানীয় উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তিনি বলেন, ‘পল্লবী-রূপনগরের নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের জন্য সরকারি-বেসরকারি চাকরির সুযোগ সৃষ্টি এবং ড্রেনেজ ও জলাবদ্ধতা সমস্যার সমাধানে সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা চলছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলীম মিরাজ। এ ছাড়া মাহাবুব আলম মন্টু, সাজ্জাদ হোসেন, আসরাফ আলী গাজী, আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, আসলাম হোসেন গাজী, শহিদুল ইসলাম চান ও সৈয়দা দিলারা ইসলাম পলি উপস্থিত ছিলেন।