ঢাকা: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরস্থ স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কাঁচামালের এবং মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৮ আগস্ট) সকালে আগুন লাগার খবর পেয়ে সোয়া ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। এরপর সকাল ৮টা ৩৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহিদ সারাবাংলাকে বলেন, ‘প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীদের কাছে আগুন লাগার খবর পেয়ে ৮টা ১৫ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ৮টা ৩৫মিনিটে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’
আগুন লাগার সূত্রপাতের বিষয়ে তিনি বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে। আর ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
প্রতিষ্ঠানটির মালিকপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে আমদানিকৃত গ্লোবার সল্ট এবং সোডা অ্যাস লাইট এর কাঁচামাল মজুদ ছিল। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ফলে কাঁচামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানের স্থাপনা এবং মেশিনারিজের ব্যাপক ক্ষতি হয়েছে।