ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারে সহায়ক তথ্য দিতে পারলে ৫ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। পূর্বঘোষিত পুরস্কারের পরিমাণ ছিল ২ কোটি ৫০ লাখ ডলার, যা এবার দ্বিগুণ করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) ফরাসি সংবাদ সংস্থা এএফপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মার্কিন কর্তৃপক্ষের দাবি, মাদুরো বিশ্বের অন্যতম বৃহৎ মাদক চক্রের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক ভিডিও বার্তায় বলেন, ভেনিজুয়েলার অপরাধী চক্র ‘ত্রেন দে আরাগুয়া’ এবং মেক্সিকোভিত্তিক সিনালোয়া কার্টেলের সঙ্গে মাদুরো সমন্বয়ে কাজ করেছেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) মাদুরো ও তার ঘনিষ্ঠদের সংশ্লিষ্টতায় ৩০ টন কোকেন জব্দ করেছে। যার মধ্যে ৭ টনের সঙ্গে সরাসরি মাদুরোর সম্পৃক্ততার প্রমাণ রয়েছে।
এ ঘোষণার পর ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল প্রতিক্রিয়ায় বলেন, ‘‘এটি দুঃখজনক এবং নিছক রাজনৈতিক প্রচারণা।’’ তিনি অভিযোগ করেন, যৌন অপরাধে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের মামলায় পাম বন্ডির বিরুদ্ধে ওঠা সমালোচনার বিষয় থেকে নজর ঘোরাতেই এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে বিতর্কিত একটি নির্বাচনের মাধ্যমে মাদুরো পুনরায় ক্ষমতায় আসেন। নির্বাচনটিকে কেন্দ্র করে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ ওঠে, যা আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ প্রত্যাখ্যান করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন।