Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ৯ আগস্ট ২০২৫ ১৯:৫০

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (০৯ আগস্ট) দুপুরে সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘স্বাধীনতার বিপক্ষে ছিল বলে আমরা যাদের বিভক্ত করতে চাই, স্বাধীনতার পর তাদের মধ্যে স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে-বিপক্ষে এই বক্তব্য দিয়ে ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা আমাদের কাম্য হতে পারে না। স্বাধীনতার ৫৪ বছর পর এটা কামনা করতে পারি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত ৫৪ বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখেছি। স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে। আমরা দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনার নামে বাণিজ্য হয়েছে, রাজনীতিকরণ হয়েছে। চেতনা এবং চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এতো বেশি বিভক্তি সৃষ্টি করা হয়েছে, সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ, বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে, মুক্তিযুদ্ধে সবাই সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে সেই মুক্তিযুদ্ধের পক্ষে এবং বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতার পক্ষে ছিল।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাব এবং এই জাতির একমাত্র উদ্দেশ্য হতে পারে একটি বৈষম্যহীন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, সমাজ বিনির্মাণের জন্য, সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য, যার মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক মুক্তি ঘটবে এবং সেই লক্ষ্যেই আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য অবিরাম চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘ভাষা কোনো ন্যাশনকে গঠন করে না, কোনো একক কালচার কোনো ন্যাশনকে গঠন করে না, কোনো একক ধর্ম কোনো ন্যাশনকে গঠন করে না। সকল ভাষার, সকল ধর্মের, সকল সংস্কৃতির জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধ করে জাতি গঠন করা যায়।’

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সকল মানুষকে সিটিজেন হিসেবে বলতে ভালোবাসি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এখানে বাংলাদেশকে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্রকে বিনির্মাণের জন্য আমাদের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী নৃজাতিগোষ্ঠী, উপজাতি এবং সকল সত্তাকে বাংলাদেশি হতে হবে। একটি ঐক্যবদ্ধ ন্যাশনাল তৈরির জন্য এবং সেই ঐক্যবদ্ধ জাতি, ঐক্যবদ্ধ সমাজ, ঐক্যবদ্ধ রাষ্ট্র বিনির্মাণের জন্যেই আমরা একাত্তরের পর চব্বিশে আবার রক্ত দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা যেন সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে পারি এবং বাংলাদেশের এই সীমানার মধ্যে সবাইকে নিয়ে আমরা সিটিজেন হিসেবে এক সঙ্গে থাকতে পারি। আমাদের সবারই পরিচয় হবে বাংলাদেশি, আমাদের ন্যাশনালিটি বাংলাদেশি।’

সারাবাংলা/এজেড/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো