চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে স্ত্রীর কাছে টাকা দাবি করে না পেয়ে তিন মাস বয়সী একমাত্র সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নেশাগ্রস্ত ওই ব্যক্তি টাকার জন্য নিয়মিত স্ত্রীকে শারীরিক নির্যাতনের একপর্যায়ে সন্তান বিক্রির মতো ঘটনা ঘটায়।
শুক্রবার (৮ আগস্ট) রাতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম মছদিয়া গ্রাম থেকে মেয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এর আগেই তার বাবাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিরাজ উদ্দিন (৩০) লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া গ্রামের বাসিন্দা। পেশায় অটোরিকশাচালক।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সারাবাংলাকে বলেন, ‘দুই বছর আগে মিরাজ বিয়ে করে। বিয়ের পর থেকেই স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে মারধর শুরু করে। শুক্রবার সন্ধ্যায়ও স্ত্রীর কাছে টাকা দাবি করে। স্ত্রী টাকা দেবেন না বলে জানালে মিরাজ তাকে মারধর করতে থাকে। এরপর তাদের তিন মাস বয়সী মেয়েকে নিয়ে বেরিয়ে যায়। যাবার সময় মেয়েটিকে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেবে বলে হুমকি দেয়।’
তিনি আরও বলেন, ‘মিরাজ ঘর থেকে বেরিয়ে যাবার পরই তার স্ত্রী আমাদের বিষয়টি জানায়। আমরা দ্রুত তার অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করি। একপর্যায়ে রাত ৯টার পর মিরাজকে আমরা আটক করতে সক্ষম হই। তবে ততক্ষণে সে তার মেয়েকে ক্রেতার কাছে হস্তান্তর করে ফেলে। আমরা তার কাছ থেকে তথ্য নিয়ে পশ্চিম মছদিয়া এলাকায় অভিযান শুরু করি। অভিযানের মুখে ক্রেতা শিশুটিকে এক যুবকের হেফাজতে রেখে পালিয়ে যায়। আমরা শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।’
ওসি আরিফুর আরও জানান, মিরাজের স্ত্রী জানিয়েছেন, তার স্বামী নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য স্ত্রীকে মারধর করতো। তবে মেয়েকে বিক্রি করলেও টাকা নিতে পারেনি বলে পুলিশকে জানিয়েছে মিরাজ।
মিরাজের বিরুদ্ধে তার স্ত্রী যৌতুক আইনে লোহাগাড়া থানায় মামলা করেছেন। ওই মামলায় শনিবার বিকেলে তাকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।