নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।’
শনিবার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শাহজাহান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।’
তিনি বলেন, সংবিধানে ‘বিসমিল্লা’ সংযুক্ত করেছেন জিয়াউর রহমান—যিনি মানুষের সেবা করে সম্মান অর্জন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তাকে অপমান করতে পারে না।
তিনি আরো বলেন, ‘জুলাই-আগস্টে বিপ্লব করে আমরা ফ্যাসিবাদ বিদায় করেছি। নির্বাচনে কারো প্রতীক ধানের শিষ, কারো দাঁড়িপাল্লা হতে পারে, কিন্তু লক্ষ্য এক—ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করা। এমপি-মন্ত্রী নয়, দেশের জনগণই বড়। দলের দুর্দিনে আমি ছিলাম, এখনও আছি।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যা খারাপ কাজ করেছেন, তা গতকাল পর্যন্ত। আজ থেকে বন্ধ করতে হবে। দলের সম্মান রক্ষায় বিশৃঙ্খলা থেকে বিরত থাকতে হবে। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি হবে, আর যারা অধিকার হারিয়েছেন, তারা অধিকার ফিরে পাবেন।’
সভায় সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, সলিমুল্লাহ বাহার হিরন, আবু নাসের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, সাধারণ সম্পাদক জিএস হারুন, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।