Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নজরুল ইসলাম মজুমদারের স্ত্রীর স্থাবর সম্পত্তি জব্দের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা: এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা স্থাবর সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নাসরিন ইসলামের নামীয় স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে আদেশ কার্যকর করতে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মামলার সূত্র অনুযায়ী, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর দায়ের করা মামলায় নাসরিন ইসলামকে আসামি করা হয়। মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করে ভোগদখলে রেখেছেন।

তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তদন্তকালে বিভিন্ন সূত্রে জানা গেছে, আসামি তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগেই এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে।

এ কারণে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারার আলোকে আসামির নামে অর্জিত স্থাবর সম্পত্তি অবিলম্বে ক্রোকের আবেদন জানানো হয়। দুদক জানায়, এ বিষয়ে কমিশনের অনুমোদন রয়েছে।

শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন। একই সঙ্গে এসব সম্পত্তির হস্তান্তর, নামজারি কিংবা অন্য কোনো ধরনের মালিকানা পরিবর্তন কার্যক্রম স্থগিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর