Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের ছুটি শেষে আজও ঢাকা ফিরছে মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১৬:১৩ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২১:০৩

ঢাকা: ঈদের নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষের ফেরার মিছিল থামেনি। ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে আজও ফিরছেন সাধারণ মানুষ। তবে স্বাধীনতা দিবস ও শুক্র-শনি যোগ হওয়ায় এখনও অনেকেই ফিরেননি কর্মব্যস্ত নগরীতে। প্রিয়জনদের বিদায় জানিয়ে বিষণ্ণ মনে ফিরলেও, সবার চোখেমুখে ছিল নতুন উদ্যমে কাজে ফেরার প্রত্যয়।

বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরে ফেরা মানুষের কর্মব্যস্ত পদচারণা।

দূরপাল্লার বাসগুলোতে ছিল যাত্রীদের ভিড়। মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় যাত্রীদের ঢাকা ফিরে পড়তে হয়নি ভোগান্তিতে। ট্রেনের শিডিউল মোটামুটি স্বাভাবিক থাকায় যাত্রীরা স্বস্তিতে ফিরছেন। আর দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো সকালে সদরঘাটে ভেড়ার পর যাত্রীদের স্রোত নামে। পরিবার ও পরিজনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে কেউ ফিরছেন একাকী, আবার কেউ ফিরছেন সপরিবারে।

বিজ্ঞাপন

যাত্রীরা জানান, পরিবারের সঙ্গে ঈদ করে ফেরার আনন্দই আলাদা। জটলা এড়াতে একটু দেরি করে ফিরছেন, কিন্তু আজও বাসে বেশ ভিড় পেয়েছেন। তবে যানজট কম থাকায় সময়মতো পৌঁছাতে পেরেছেন যাত্রীরা। কেউ কেউ ঈদের ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় অফিসে যোগ দিতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে সম্ভাব্য ভিড় ও টিকিট সংকট এড়াতে আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা।

এদিকে সকাল থেকেই মতিঝিল, কারওয়ান বাজার ও সচিবালয় এলাকায় অফিসগামী মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। তবে অনেক প্রতিষ্ঠানে এখনো পুরোপুরি উপস্থিতি শুরু না হওয়ায় আগামী রোববার নাগাদ ঢাকা তার চিরচেনা পূর্ণরূপে ফিরবে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেনের পরিমাণও বেড়েছে। আর ফুটপাতের ছোট দোকান থেকে শুরু করে বড় শপিংমলগুলোও দীর্ঘ ছুটির পর তাদের ঝাঁপ খুলতে শুরু করেছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর