Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গরমে স্বস্তি দেবে ‘থাই বিফ স্ট্যু’

লাইফস্টাইল ডেস্ক
২৮ মে ২০২৬ ১৬:৫৫

ঈদের আমেজ মানেই টেবিলে গরুর মাংসের হরেক পদের ছড়াছড়ি। তবে এই গরমে কড়া মসলার ভুনা বা রিচ গ্রেভি খেতে অনেকেই দ্বিধায় ভোগেন। এবার ঈদে চর্বিযুক্ত ভারী খাবারের বদলে টেবিলে রাখতে পারেন সম্পূর্ণ ভিন্নধর্মী ও স্বাস্থ্যকর একটি পদ, ‘থাই বিফ স্ট্যু’। হালকা মসলা আর লেমন গ্রাসের সুবাসে তৈরি এই সুস্বাদু স্ট্যু গরমে যেমন দেবে স্বস্তি, তেমনি মুখের রুচিও ফিরিয়ে আনবে।

নিচে এর সহজ ও ঝটপট রেসিপিটি দেয়া হলো…

প্রয়োজনীয় উপকরণ

হাড় ছাড়া গরুর মাংস: ১ কেজি (ছোট টুকরো করা)
আদা-রসুন বাটা: ২ চা-চামচ
গোলমরিচ গুঁড়ো: আধা চা-চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
সয়া সস: ১ টেবিল চামচ
ময়দা: ১ টেবিল চামচ
পেঁয়াজ কুচি: ২টি (ছোট)
আদা ফালি: ১ ইঞ্চি পরিমাণ (লম্বা করে কাটা)
আস্ত রসুনের কোয়া: ৫-৬টি
লেমন গ্রাস কুচি বা ধনেপাতার গোড়া: এক মুঠো
কাঁচামরিচ: ৪-৫টি
লাল মরিচ গুঁড়ো: ১-২ চা-চামচ
আস্ত গরম মসলা: দারুচিনি ১ টুকরো, এলাচ ২টি, লবঙ্গ ২-৩টি, তেজপাতা ১টি
তেল: ২ টেবিল চামচ
লবণ: স্বাদমতো

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি

ধাপ ১: মাংস ম্যারিনেশন
প্রথমে গরুর মাংস ১ থেকে ১.৫ ইঞ্চি আকারে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে মাংসের সাথে স্বাদমতো লবণ, আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস খুব ভালো করে মেখে নিন। এভাবে মসলাসহ মাংসটি ৩০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।

ধাপ ২: মাংস সেদ্ধ করা
ম্যারিনেট করা মাংসের সাথে প্রায় দেড় লিটার পানি যোগ করুন। এবার এটি প্রেসার কুকারে বা সাধারণ চুলায় ঢাকনা দিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত ভালোভাবে সেদ্ধ করে নিন।

ধাপ ৩: স্ট্যু রান্না
মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ময়দা, সয়া সস, পেঁয়াজ কুচি, আদা ফালি, রসুনের কোয়া, আস্ত গরম মসলা, লাল মরিচ গুঁড়ো এবং তেলসহ বাকি সব উপকরণ একে একে দিয়ে দিন। এরপর চুলার আঁচ কমিয়ে মৃদু আঁচে ঢাকনা দিয়ে আরও ৩০ মিনিট রান্না করুন, যাতে সব মসলার সুবাস মাংসের সাথে পুরোপুরি মিশে যায়।

পরিবেশন

ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। ওপরে চিলি ফ্লেক্স, লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন সুস্বাদু ও আরামদায়ক থাই বিফ স্ট্যু।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো