Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / বি গ্রুপে চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, রানার্স-আপ কানাডা

ক্রীড়া ডেস্ক
২৫ জুন ২০২৬ ০৫:১৫ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১০:০৫

গ্রুপ ‘বি’র শেষ ম্যাচে জয় পেয়েছে সুইজারল্যান্ড এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। স্বাগতিক কানাডাকে ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড। অপর ম্যাচে বসনিয়া ৩-১ গোলে হারিয়েছে কাতারকে।

কানাডাকে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষ দল হিসেবে শেষ ৩২ নিশ্চিত করল সুইজারল্যান্ড। আর ম্যাচ হেরেও রানার্সআপ হয়েছে কানাডা। তাদের পয়েন্ট বসনিয়ার সমান ৪।

মুখোমুখি লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছিল দুই দল। গোল গড়ে এগিয়ে থাকায় রানার্সআপ হয়ে নকআউটে কানাডা। এবারই প্রথমবার বিশ্বকাপের নকআউটের টিকিট পেল তারা। তবে বসনিয়ার আশাও শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় ৮ দলের একটি হয়ে শেষ ৩২-এ যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে তাদের।

বিজ্ঞাপন

ভ্যাঙ্কুভারে বিরতির আগে গোলশূন্য ড্র ছিল সুইজারল্যান্ড-কানাডা ম্যাচ। বিরতি শেষে প্রথম মিনিটেই গোল করেন রুবেন ভার্গাস। ৫৭ মিনিটে সুইজারল্যান্ডের অপর গোলটি ইয়োহান মানজাম্বির।

এই দুজন আগের ম্যাচে গোল করেছিলেন বদলি নেমে। এবার একাদশে থেকে দলের ত্রাতা তারা। কানডার হয়ে ৭৬ মিনিটে নাথান সালিবার পাস থেকে একমাত্র গোলটি প্রমিজ ডেভিডের।

অপর ম্যাচে সিয়াটলের কাতারের বিপক্ষে ২৯ মিনিটে বসনিয়াকে এগিয়ে দেন কেরিম আলাইবেগোভিচ। ৩৪ মিনিটে কাতারের মাহমুদের আত্মঘাতী গোলে ২-০’তে এগিয়ে যায় বসনিয়া।

৪২ মিনিটে হাসান আল–হেইদোসের গোলে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল কাতার। কিন্তু ৮০ মিনিটে এরমিন মাহমিচের গোলে ৩-১ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বসনিয়া।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর