Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আবারও অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতা, জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২২:৫৩

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টানা দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতার খেসারত দিল বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ দিকে ভয়াবহ ধসে ১৩ রানের হেরেছে টাইগাররা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল জিম্বাবুয়ে।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। তানজিদ ৭০ বলে ৫৭ এবং হৃদয় ৯০ বলে ৬০ রান করেন। পরে নুরুল হাসান সোহানের ৩৮ ও মেহেদী হাসান মিরাজের ২৭ রানে জয়ের আশা টিকে ছিল।

তবে সোহান আউট হওয়ার পরই ম্যাচের চিত্র পাল্টে যায়। শেষ চার উইকেট মাত্র ১৫ রানের ব্যবধানে হারিয়ে ৪৮.১ ওভারে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা তিনটি উইকেট নেন, আর ব্লেসিং মুজারাবানি ও ব্র্যাড ইভান্স শিকার করেন দুটি করে উইকেট।

বিজ্ঞাপন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ১৪৮ রানে ৬ উইকেট হারানোর পর দলকে উদ্ধার করেন ওপেনার বেন কারান ও ব্র্যাড ইভান্স। সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৯৯ রানের জুটিতে লড়াই করার মতো সংগ্রহ পায় স্বাগতিকরা।

কারান ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন। অন্যদিকে ইভান্স মাত্র ৩৮ বলে ৫৮ রান করে শেষ দিকে ঝড় তোলেন। বিশেষ করে ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের বিপক্ষে তিনটি ছক্কা ও একটি চার মেরে দলের সংগ্রহ ২৪৭/৬-এ পৌঁছে দেন।

বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ শুরুতেই দুটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলেছিলেন। নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনও একটি করে উইকেট নেন। কিন্তু শেষ জুটির বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় জিম্বাবুয়ে।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতেও ২৫ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে শনিবার একই মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর