Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৭:০৩ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৯:৩৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এস. এম. জিয়াউল আলম। ছবি সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এস. এম. জিয়াউল আলমকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, মিরপুরের হত্যা মামলায় এস. এম. জিয়াউল আলমকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আলীম গত ৯ জুলাই তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওই দিন শুনানির জন্য ১৩ জুলাই তারিখ নির্ধারণ করা হলেও মামলার মূল নথি আদালতে উপস্থাপন না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি। পরে শুনানির জন্য ১৫ জুলাই নতুন তারিখ ধার্য করা হয়।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরের বিআরটিএ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় মাহবুব হাসান মামুন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, এস. এম. জিয়াউল আলম বর্তমানে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর একটি পৃথক মামলায় কারাগারে রয়েছেন। চলমান হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

এছাড়া তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আন্দোলন দমন এবং হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখনো আদালতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।

সারাবাংলা/টিএম/এমএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর