Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশ হ্যান্ডবুক প্রকাশে কামরুল বুক হাউজকে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৭:১৮ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৯:৩৫

– কোলাজ ছবি

ঢাকা: আইনজগতের প্রখ্যাত লেখক মরহুম গাজী শামসুর রহমানের রচিত ও সম্পাদিত ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ বইটি কামরুল বুক হাউজ প্রকাশ করতে পারবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ জুলাই) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মো. লুৎফর রহমান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এসএম আরিফ মন্ডল।

শুনানিতে আইনজীবী জানান, ১৯৫৮ সালে খোশরোজ কিতাব মহল প্রথম ‘পুলিশ হ্যান্ডবুক’ নামে বইটি প্রকাশ করে, যেখানে ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি, সাক্ষ্য আইন ও বিভিন্ন মাইনর অ্যাক্ট একত্রে সংকলিত ছিল। স্বাধীনতার পর বইটির নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ রাখা হয়। ইতোমধ্যে বইটির ৪২তম সংস্করণ প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বইটির প্রথম অনুবাদক ও রচয়িতা ছিলেন অ্যাডভোকেট অধ্যাপক এটিএম কামরুল ইসলাম। পরে দেশের খ্যাতিমান আইনবিদ মরহুম গাজী শামসুর রহমান এতে আইন সংশোধন, সংযোজন ও হালনাগাদের কাজ করেন। বর্তমানে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বইটির প্রয়োজনীয় সংযোজন করে আসছেন।

আইনজীবীর দাবি, খোশরোজ কিতাব মহল দীর্ঘদিন ধরে বৈধভাবে বইটি প্রকাশ করে আসলেও বাজারে ব্যাপক চাহিদার সুযোগ নিয়ে কামরুল বুক হাউজ কপিরাইট আইন লঙ্ঘন করে মূল প্রকাশকের অনুমতি ছাড়াই বইটি মুদ্রণ ও বিক্রি করে আসছিল। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বেআইনিভাবে আর্থিকভাবে লাভবান হয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে হাইকোর্ট রায়ে কামরুল বুক হাউজ-কে ‘বাংলাদেশ পুলিশ হ্যান্ডবুক’ প্রকাশে নিষেধাজ্ঞা দেন।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো