Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে সংঘর্ষে আহত এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৬ ১৮:৫৯

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক এইচএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই পরীক্ষার্থী মারা যান।

একই ঘটনায় গুরুতর আহত তার বড় ভাই বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আব্দুর রহমান (২০) রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিমপাড় এলাকার বাসিন্দা ফিরোজের ছেলে। তিনি রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, গত মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে এলাকায় মাদক সেবন নিয়ে প্রতিবাদকে কেন্দ্র করে আব্দুর রহমান ও তার বড় ভাই মো. হাসানের সঙ্গে স্থানীয় এক যুবকের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকদের পরামর্শে আব্দুর রহমানকে পরে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। অপরদিকে তার বড় ভাই হাসানের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সহপাঠীরা জানান, আব্দুর রহমান শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আহতদের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় মামলার কার্যক্রম সেই অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।’

তিনি বলেন, ‘এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো