Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩

সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট থেকে দেশকে মুক্ত করতে সরকার সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা এই অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে সরকারের ১৫০টি কূপ খনন কর্মসূচির অংশ হিসেবে এরইমধ্যে ৩০টি কূপ খনন সম্পন্ন হয়েছে এবং জাতীয় গ্রিডে ১৪০ এমএমসিএফডি গ্যাস যুক্ত করা সম্ভব হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বর্তমানে চলমান আরও সাতটি কূপের খননকাজ শেষ হলে জাতীয় গ্রিডে বাড়তি ৮৫ এমএমসিএফডি গ্যাস সংযুক্ত হবে এবং অবশিষ্ট কূপগুলো খননের ক্ষেত্রে পর্যায়ক্রমে নানা প্রকল্প গ্রহণ করা হচ্ছে।’

দেশীয় গ্যাসের সঠিক উৎস অনুসন্ধানে সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘৪ হাজার ৫০০ কিলোমিটার ২ডি সাইসমিক সার্ভে এবং ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটার ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।’ অনুসন্ধান ক্ষমতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করতে আরও দু’টি নতুন রিগ ক্রয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এ সময় প্রধানমন্ত্রী কুতুবজোমে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, পায়রা ও মোংলা বন্দর উপকূল এলাকায় সম্ভাব্যতা যাচাই এবং অফশোর বিড রাউন্ডসহ জ্বালানি খাতের সার্বিক সংস্কারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন। এ ছাড়া এসব পরিকল্পনা ও প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে আগামী দিনগুলোতে দেশের জ্বালানি নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর